আব্দুর রাজ্জাক সরকার, গাইবান্ধা জেলা:গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবৈধভাবে মাটি কাটার ধুম পড়ে গেছে। দিনের পর দিন প্রকাশ্যে চলছে এই মাটি কাটা কার্যক্রম, অথচ রহস্যজনক কারণে প্রশাসন সম্পূর্ণ নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমি ও সরকারি খাস জমি থেকে একের পর এক ভেকু মেশিন ও লেবর দিয়ে মাটি কেটে ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে এলাকার কৃষিজমি নষ্ট হচ্ছে, পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে জলাবদ্ধতা ও নদীভাঙনের ঝুঁকি বাড়ছে।
অভিযোগ উঠেছে, ভূমি অফিসের এক কর্মকর্তা পার্সোনাল সহযোগী এসব অবৈধ মাটি কাটা কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছেন। তার ছত্রছায়ায় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, মাটি কাটার বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগকারীদের নানা ভয়ভীতি দেখানো হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ মুখ খুলতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন—প্রশাসনের চোখের সামনে অবৈধ মাটি কাটা চললেও কেন কোনো অভিযান নেই? কার স্বার্থে এই নীরবতা?
এলাকাবাসী দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন