আব্দুর রাজ্জাক সরকার, গাইবান্ধা : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার ৭ জানুয়ারি ২০২৬ পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি অবৈধ ইটভাটাকে মোট ২৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে ইটভাটাগুলো বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইটভাটাগুলো হলো-
মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ শের আলম।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার, বিভাগীয় ও জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস।
পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিচালক (কর্ম) উত্তম কুমার জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সাদুল্লাপুর উপজেলার এম. এ ব্রিকস-এ অবৈধ কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন