নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি ও আওয়ামী লীগের নেতা নজরুল ইসলামের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রকাশ্য চাঁদাবাজি চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিদিন যাত্রীবাহী ও পণ্যবাহী প্রতিটি গাড়ি থেকে ১০০ থেকে ২০০ টাকা করে জোরপূর্বক আদায় করা হচ্ছে। ভুক্তভোগী চালকদের ভাষ্য, চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই গাড়ি আটকে দেওয়া, চলাচলে বাধা সৃষ্টি, ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়। এতে করে পাটগুদাম ব্রীজ মোড় কার্যত একটি চাঁদাবাজি পয়েন্টে পরিণত হয়েছে এবং শতাধিক চালক জিম্মি অবস্থায় গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানান, শ্রমিক ইউনিয়নের সভাপতির নাম ভাঙিয়ে একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ আদায় কার্যক্রম চালাচ্ছে। কেউ প্রতিবাদ করলেই তাকে টার্গেট করা হয়। ফলে লোকসান গুনেও চাঁদা দিতে বাধ্য হচ্ছেন তারা। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, দিনের আলোতেই এই চাঁদাবাজি চললেও রহস্যজনক কারণে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে করে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “চাঁদাবাজির বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা অবিলম্বে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রকে গ্রেপ্তার এবং পাটগুদাম ব্রীজ মোড়ে অবাধ যান চলাচল নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
মন্তব্য করুন